হাওজা নিউজ এজেন্সি’র তথ্যমতে, শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের মিশন আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির প্রতিবেদনগুলোরও সমালোচনা করে। মিশনটির অভিযোগ, প্রক্রিয়াগত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং আইএইএর পরিদর্শকদের প্রত্যাহার করতে হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আইএইএ পরিচালনা পর্ষদের এমন কিছু প্রস্তাবের ভিত্তিতে ইরানবিষয়ক প্রতিবেদন তৈরি করেছে, যেগুলোর আইনি ও কারিগরি ভিত্তি ছিল ত্রুটিপূর্ণ। প্রক্রিয়াগত ক্ষমতার অপব্যবহার করে এসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং এগুলোর মাধ্যমে সংস্থাটির আইনগত এখতিয়ার অতিক্রম করা হয়েছে।’
ইরানের মিশন আরও বলেছে, ‘আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নিজেই স্বীকার করেছেন, ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ফলে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পরিদর্শন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সংস্থাটির পরিদর্শকদের প্রত্যাহার করতে হয়েছে। একই সঙ্গে ইরানের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগগুলো বিবেচনায় নেওয়া জরুরি হয়ে পড়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র পক্ষপাতদুষ্ট প্রস্তাবগুলো থেকে আগ্রাসনের বিষয়টি বাদ দিয়েছে, কিন্তু বাস্তবতা থেকে এর পরিণতি মুছে ফেলতে পারেনি। রাজনৈতিক স্বার্থে দাবি করলেই বাস্তব তথ্য-প্রমাণ অদৃশ্য হয়ে যায় না।’
ইরানের মিশন স্পষ্ট করে জানায়, ‘অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে স্বাভাবিক সেফগার্ডস কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব নয় এবং তা চালু হবেও না। বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো পরিচালনা পর্ষদকে সমাধান করতে হবে। তবে আগ্রাসনকারীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রাখলে এ দায়িত্ব পালন করা অসম্ভব।’
বিবৃতির শেষাংশে আবারও বলা হয়, যুক্তরাষ্ট্র পক্ষপাতদুষ্ট প্রস্তাবগুলো থেকে আগ্রাসনের বিষয়টি বাদ দিলেও বাস্তবতা থেকে সেই আগ্রাসনের পরিণতি মুছে ফেলতে পারবে না।
আপনার কমেন্ট